শব দাহ করে ফেরার পথে দু’পক্ষের মধ্যে বচসা, ধারালো অস্ত্রের আঘাতে শান্তিপুরে খুন যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ অক্টোবর: উপ নির্বাচনের প্রাক্কালে শান্তিপুরে খুন এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

জানা গেছে, গতকাল রাতে নদিয়ার শান্তিপুর থানার চর এলাকার এক বৃদ্ধার শব দাহ করার জন্য শান্তিপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়। ঠিক ওই সময় শান্তিপুর থানার পাঁচপোতা এলাকার আরেকটি মৃতদেহ দাহ করার জন্য শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হয়। অভিযোগ, এক পক্ষ যখন শব দাহ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন তখনই অন্য এক পক্ষের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তখনই পাঁচপোতা এলাকার এক যুবক হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে সজোরে বাপ্পা বিশ্বাস(২৪) নামে এক যুবকের শরীরে আঘাত করে। এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা বাপ্পা বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাপ্পা বিশ্বাসের পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *