সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জুলাই: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী যুবক। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিকার বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং পরিবারের লোকজনকে মারধর। বুধবার সকালে ঘটনাটি ঘটছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাকেশ সাহা (২৮)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজনা সামাল দেয়।
পরিবার সূত্রের খবর, বুধবার সকালে রাকেশকে ডাকাডাকি করলেও সে কোন সাড়া না দেওয়ায় তার ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকেজন ভিতরে ঢোকে। ঘরে গিয়ে দেখে ঘরের চালার সঙ্গে ঝুলছে রাকেশ। তড়িঘড়ি পরিবারের লোকজন রাকেশকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

রাকেশের পরিবারের অভিযোগ, গত ছয়মাস ধরে পাশের পাড়ার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল রাকেশ। কয়েক দিন ধরে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেয়। মঙ্গলবার রাকেশকে বাড়িতে ডেকে অপমান করে প্রেমিকা সহ তার পরিবার আর সেই কারণে রাকেশ আত্মহত্যা করছে বলে অভিযোগ।
এদিন সকালে রাকেশের মৃত্যুর খবর জানাজানি হতেই, প্রতিবেশীরা উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত জনতা প্রেমিকাকে বাড়ি না পেয়ে তার মাকে মারধর করার পাশাপাশি বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালায়। ভাঙ্গচুর চালানো হয় বাড়ির জানালা দরজা সহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পরিবারের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ আসছিল।

