আমাদের ভারত, ৩১ মার্চ: অসম প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে গুয়াহাটি রাজীব ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হল “ইয়ং ইন্ডিয়া কে বোল সিজন ৩। এটি সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জাতীয় স্তরে মুখপাত্র নির্বাচন সংক্রান্ত বক্তৃতা প্রতিযোগিতা।
এদিন গুয়াহাটি রাজীব ভবনে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা, মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক ও কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র জিতু পাটোয়ারী, অসম বিধানসভার কংগ্রেসের বিরোধী দলনেতা শ্রী দেবব্রত সাইকিয়া, উপ-বিরোধী দলনেতা রাকিবুল হুসেন, বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার, সুবাহন আলী সরকার, যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব আজাজ চৌধুরী, যুব কংগ্রেসের জাতীয় মুখপাত্র মৌমিতা কালী।

এদিনের সাংবাদিক সম্মেলনে মৌমিতা কালী বলেন, বিগত ৯ বছর ধরে দেশের মানুষ বহুবার মন কি বাত শুনেছেন। এখন দেশজুড়ে চলতে থাকা দুর্নীতি, বেকারত্ব, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, নারী নিরাপত্তা নিয়ে কথা বলার সময়। এটাই যুব সমাজের গলা ছেড়ে নিজের মতামত প্রকাশের উপযুক্ত সময়। তাদের এই সুযোগ দিচ্ছেন সর্বভারতীয় যুব কংগ্রেস। আমরা আশা করি, মানুষ আমাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন।
যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব আজাজ চৌধুরী জানান, আজকের যুব সমাজের স্বৈরাচার, রাজনৈতিক প্রতিহিংসা, সরকারের উত্তরোত্তর ব্যর্থ প্রতিশ্রুতি, বিভেদের রাজনীতির বিরুদ্ধে মতামত জানানোর সময় হয়েছে। যা গণতন্ত্রকে শক্তিশালী করতে আরো সহযোগিতা করবে। যুব কংগ্রেস দেশের মানুষের কাছে এই সুযোগ এনে দিয়েছেন। তাদের সঠিক পথ দেখানো আমাদের কর্তব্য।

