‘বিজেপি কী জিনিস, আগামী কয়েক মাসে তা বুঝতে পারবেন,’ মমতাকে কড়া হুঁশিয়ারি সুকান্তর

জয় লাহা, দুর্গাপুর, ১২ মে: মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি কর্মীদের মেরে ঘরে ঢুকিয়ে দিতে পারবেন না। আগামী কয়েক মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন বিজেপি কি জিনিস। বুধবার দুর্গাপুরে বিজেপির মহামিছিলে সামিল হয়ে এই হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ ও মহামিছিল কর্মসূচি নিয়েছে বিজেপি। বুধবার ছিল দুর্গাপুরে বিজেপির মহামিছিল। মিছিলে সামিল ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও সর্ব ভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। কয়েকদিন আগে দুর্গাপুরে এক দলীয়কর্মীর বাবা খুন হন। এদিন ওই পরিবারের হাতে বিজেপির পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন সুকান্ত মজুমদার। 

মুখ্যমন্ত্রী বলেছন ‘বিজেপি ফিনিশ’। এদিন মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষের পাল্টা জবাব দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,
‘অত্যাচার করে, আমাদের কর্মীদের খুন করে উনি বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেবেন। দিদিমণি আপনি জানেন না বিজেপি কি জিনিস। আপনিতো বলেছেন বিজেপি ফিনিশ। দিদিমণি আপনি জানেন না। আমি বলছি, আপনি অপেক্ষা করুন, দেখবেন বিজেপি কী জিনিস। আপনি তা আগামী কয়েক মাসের মধ্যেই বুঝে যাবেন।’

বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের প্রসঙ্গে তিনি বলেন, শুধু বিজেপি কর্মী নয়, এই অত্যাচার সমাজের প্রত্যেকটা মানুষের ওপর হচ্ছে। হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এই ঘটনা আপনার পরিবারের মেয়ের ওপরেও ঘটবে। আপনি হয়তো ভয় পাচ্ছেন, না মনে করছেন হাঁসখালি তো অনেক দূরে। মনে রাখবেন, এই নরখাদকগুলো আপনার বাড়ির পাশেই আছে। কোনও দিন দেখবেন ‘জয় বাংলা’ বলতে বলতে আপনার মেয়ের হাত ধরেই টানাটানি করছে। সেদিন দিদিমনির দেওয়া ৫০০ টাকা আপনার মেয়ের ইজ্জত বাঁচাতে পারবে না। তাই প্রতিবাদ জানান। বিজেপির পতাকাকে হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে চলুন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে আর আমরা দিদিমনির মুখের বাণী শুনছি ‘এগিয়ে বাংলা’।

এগিয়ে বাংলা প্রসঙ্গে তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে বড় বড় ব দেখা যাচ্ছে। যেখানে যাবেন দেখবেন, একটা বড় গোল তার মধ্যে একটা ব। নাম নাকি বিশ্ববাংলা। বিশ্ব বাংলার মানে কি আমরা তা বুঝতে পারছি না। তাই দিদির বানী না শুনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির পতাকাকে হাতিয়ার করে এগিয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *