পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: আপনারা হাত ভরে টাকা নেবেন বিজেপির থেকে কিন্তু ভোট দিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বুধবার ঘাটালে এসে এমন কথাই বললেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এদিন তিনি বলেন, বিজেপির কাছে এখন পাখির চোখ ২০২৪- এর লোকসভা নির্বাচন। গাড়ি গাড়ি টাকা আসবে, আর আপনারা হাত ভরে টাকা নেবেন, কিন্তু ভোট দিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সভানেত্রী। এদিন সায়নি একটি র্যালি সেরে বিবেকানন্দ মোড়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো বিড়াল বলে কটাক্ষ করতেও পিছপা হননি। এই মঞ্চ থেকেই সায়নি ঘোষ- ২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতির কথা ঘোষণা করেন। এদিন হাজার হাজার মানুষের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর।

এদিন ঘাটাল পুর এলাকায় তাঁর নেতৃত্বে মিছিল শুরু হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি, বিধায়ক মমতা ভুঁইঞা, বিধায়ক অরূপ ধাড়া, সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত, জেলা যুব সভাপতি সৌরভ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক একশো দিনের বকেয়া টাকার দাবিতে, আবাস যোজনা ও সড়ক প্রকল্পের টাকার দাবিতে এদিনের মিছিলে পা মেলান।

