বিগ্রহের দর্শন পেতে কাটতে হবে ২০ টাকার কুপন, কালিমালিপ্ত হল মাহেশের ৬২৬ বছরের প্রাচীন রথযাত্রা

আমাদের ভারত, হুগলী, ৯ জুলাই: উলটোরথে মাসির বাড়ির মন্দিরে বিগ্রহের দর্শন পেতে কাটতে হবে ২০ টাকার কুপন। শনিবার সাত সকালে মাহেশের জগন্নাথের মাসির বাড়িতে কুপনে টাকা তোলা নিয়েই বচসার জেরে
কালিমালিপ্ত হল মাহেশের ৬২৬ বছরের প্রাচীন রথযাত্রা।

কুপন ছাপিয়ে টাকা তোলার প্রতিবাদে স্থানীয়রা সোচ্চার হতেই তুমুল বিশৃঙ্খলা শুরু হয়।চাপের মুখে পড়ে কুপন দিয়ে টাকা তোলা বন্ধ হলেও ট্রাষ্ট্রি বোর্ডের সদস্যরা একে অপরকে অভিযোগের তিরে বিদ্ধ করেছেন।

এ দিন মাসির বাড়ির মন্দিরে ট্রষ্ট্রি বোর্ডের সদস্য তমাল অধিকারী কুপন দিয়ে টাকা তুলছিলেন। ওই সময় মন্দিরের বাইরে ভক্তদের ভিড় জমে যায়। স্থানীয়রা প্রতিবাদ করতেই মেজাজ হারান তমালের স্ত্রী সঙ্গীতা। হুঁশিয়ারি দিয়ে বলেন, লক্ষ টাকা দিয়ে ডাক নিয়েছি। টাকা তুলবই। থেমে থাকেননি তমালও। তিনিও মন্দির বন্ধ করে দেওয়ার হুমকি দেন। শেষে তৃণমূলের জনপ্রতিনিধিরা হাজির হলে ঘরে বাইরে চাপের মুখে পড়ে কুপন বিলি বন্ধ করা হয়।

তমাল অধিকারীর বক্তব্য সোজা রথে তার বাবা ও ভাই কুপন ছাপিয়ে কয়েক লক্ষ টাকা তুলেছে। যার কোনো হিসেব নেই। পালটা পিয়াল অধিকারীর বক্তব্য, সুষ্ঠ ভাবে মন্দিরের পুজা হচ্ছে বলেই মিথ্যে বদনাম করছে। সোজা রথে টাকা তোলা হয়নি।

কাউন্সিলর পিন্টু নাগ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য মন্দির করেছেন।সেখানে কুপন ছাপিয়ে টাকা তুলে মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রাকে কলঙ্কিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *