স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ডিসেম্বর: ছোট চোর আপনারা ধরুন, বড় চোর আমরা ধরবো। গত ১৭ তারিখে রানাঘাটে একজন এসে বলে আমি কিছুই খাই না, তিনি কি খান জানেন। কয়লা খান, বালি খান, গরু খান, আর মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান। এরপরেও বলেন, আমি কিছু খাই না। এদিন প্রকাশ্য জনসভা থেকে রাজ্যের শাসক দল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। একদিকে যেমন পঞ্চায়েতের দখলে ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল, অন্যদিকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক অগ্নিবান ছুঁড়তে ব্যস্ত। যদিও তুলে ধরেন একে অপরের প্রতি অভিযোগ। আজ নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্যের মধ্যে দিয়ে পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। যদিও দুর্নীতির টাকা লুট করে কোথাও যেতে পারবে না, টাকা সুদে-আসলে আদায় করব এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আগামী পঞ্চায়েত ভোটে আমরাই পঞ্চায়েত দখলে রাখবো, আর লুটেরাদের চিহ্নিত করে জেলে পাঠাবো।
জনসভায় উপস্থিত হওয়া হাজার হাজার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে করে শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেকটা মন্ডল সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আপনারা ছোট ছোট চোর গুলোকে চিহ্নিত করুন, আমরা বড় চোর গুলোকে ধরবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকা নিয়ে পঞ্চায়েত গুলিতে যে দুর্নীতি চলছে টাকা সমেত চোরেরা ধরা পড়বেই, আর তখনই শুরু হবে আসল খেলা।

