আমাদের ভারত, ১ জুলাই:
করোনা অতিমারীতে জীবন বাজি রেখে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে ১৩০ কোটির দেশবাসীর হয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। তাদের কুর্নিশ জানিয়ে মোদী বলেন, “আপনারাই আমাদের ভগবান।”
একবার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতিমারীকে তোয়াক্কা না করে চিকিৎসকেরা নিরলস কাজ করে চলেছেন। তার জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। ১৩০ কোটি দেশবাসীর হয়ে আমি সকল চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমাদের ভগবান।
মোদী চিকিৎসকদের প্রশংসা করে বলেন, আজ গোটা দেশ কোভিডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। চিকিৎসকরা নিরলস পরিশ্রম করে লাখ লাখ জীবন বাঁচাচ্ছেন। অনেক চিকিৎসক আবার নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি বলেন, স্বাধীনতার বহু বছর পরেও আমরা দেখেছি কিভাবে স্বাস্থ্য পরিষেবাকে অবহেলা করা হয়েছে। কিন্তু আমাদের সরকার চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বদ্ধপরিকর। কোভিডের প্রথম ঢেউয়ে দেশের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে সরকার। চলতি বছরে বাজেটে স্বাস্থ্যখাতে ২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে অনেক হাসপাতাল তৈরি হচ্ছে, এইমস তৈরি হচ্ছে, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। দেশের প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরাও এবার ডাক্তার হবার স্বপ্ন পূরণ করতে পারবে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগাসন একটি মোক্ষম অস্ত্র। সেই বিষয়টিও আবার উল্লেখ করেন নরেন্দ্র মোদী
বলেন, বর্তমানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষ যোগাসনকে প্রাধান্য দিচ্ছেন। যোগাসন দ্বারা কিভাবে করোনা মোকাবিলা করা যায় ও আধুনিক চিকিৎসায় এর সহায়তা কিভাবে সম্ভব তা নিয়ে গবেষণাও চলছে দেশজুড়ে।

