বালিয়ায় ট্রেনে আগুন, স্টেশন ভাঙ্গচুর, বিক্ষোভ কড়া হাতে দমনের ইঙ্গিত যোগীর

আমাদের ভারত, ১৭ জুন: কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীরা শুক্রবার সকালে পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়, ভাঙ্গচুর করে রেল স্টেশন। পুলিশ ও রেল রক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত গিয়ে জ্বলন্ত কামরাগুলো সরিয়ে নিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। কিন্তু এই বিক্ষোভকে কড়া হাতে দমন করার ইঙ্গিত মিলেছে রাজ্য প্রশাসনের পদক্ষেপে। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকার পুলিশ ও অন্যান্য পরিষেবাগুলিতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যোগী আদিত্যনাথ।

বিক্ষোভকারীদের ঘটানো একের পর এক ঘটনার পরে শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিপথ প্রকল্পের সমর্থনে সরব হয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় যোগী লেখেন, “অগ্নিপথ যোজনা যুবকদের জীবনে একটি নতুন মাত্রা এনে দেবে। পাশাপাশি তাদের ভবিষ্যতকে একটি সোনালী আভা দেবে। যুবকদের বলছি কোনো প্ররোচনায় পা না দিতে। আমাদের অগ্নিবীররা ভারত মাতার সেবা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে। তারা হয়ে উঠবেন জাতির অমূল্য সম্পদ। রাজ্য সরকার পুলিশ ও অন্যান্য পরিষেবাগুলিতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেবে।”

যোগীর এই প্রতিশ্রুতির পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও চলছে অগ্নিপথ বিরোধী আন্দোলন দমনের জন্য বলে সূত্রের খবর। শুক্রবার রাজ্যজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে গত শুক্রবার উত্তর প্রদেশের বিভিন্ন শহরে হিংসা ছড়ায়। এই পরিস্থিতিতে আবার অগ্নিপথ কাণ্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালিয়ার জেলাশাসক সৌম্য আগারওয়াল বলেছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলেছে। অপরাধীরা ছাড়া পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *