আমাদের ভারত, ১ নভেম্বর: নরেন্দ্র মোদীর পর দেশের প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ! তাও আবার নরেন্দ্র মোদীকে সরিয়ে? হ্যাঁ এমনটাই ভবিষ্যতবাণী করেছেন দেশের অন্যতম পরিচিত জ্যোতিষবিদ নরসীমা রাও। আগামী দুই দশকের বড় বড় ঘটনা সম্পর্কে জ্যোতিষবিদ নরসীমা রাওয়ের করা একাধিক ভবিষ্যতবানী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে যেমন যোগী আদিত্যনাথকে মোদীর উত্তরসূরী বলেছেন তিনি, তেমনি উত্তরপ্রদেশে বিজেপি আবার ক্ষমতায় আসবে তাও নিশ্চিত করেছেন। একই সঙ্গে ২০৩০ এর পর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি। এছাড়া পাকিস্তান, চিন ও আমেরিকা সম্পর্কেও একাধিক কথা বলেছেন তিনি।
জ্যোতিষবিদ নরসীমা রাওয়ের করা যে ভবিষ্যতবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা অনুযায়ী, ২০২৪-এ সাবলীল ভাবেই বিজেপি সরকার গড়বে। মোদীকে মুখ করেই নির্বাচনে ঝাঁপাবে পদ্মশিবির। ক্ষমতা দখলের পর স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। কিন্তু তিনি মাত্র দু’বছর সেই দায়িত্ব সামলাবেন।এরপর তিনি অবসর নেবেন রাজনীতি থেকে, আর তাঁর জায়গায় দেশের প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ। মেয়াদের মধ্যবর্তী সময়ে অর্থাৎ ২৬ এর পর মোদীর উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ।
তাঁর কথা অনুযায়ী, ২০৩০-৩১ সালে তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে। সেই সময় যথেষ্ট টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হলেও রোগী আদিত্যনাথের যোগ্য নেতৃত্বে ভারত সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবে।
চিন সম্পর্কে ভবিষ্যতবাণী করতে গিয়ে জ্যোতিষবিদ বলেছেন, আগামী ১০-১৫ বছরের মধ্যে তিব্বত চিনের অধীনতা থেকে মুক্তি পাবে। ২০২২ সালের মধ্যবর্তী সময় থেকে পাকিস্তানের খারাপ সময় শুরু হবে। পাকিস্তান ও চিনের ক্ষেত্রে তালিবানরাই নতুন করে সমস্যার সৃষ্টি করবে। তালিবানদের সাহায্য পেয়ে উইঘর মুসলিমরা চিনের বিরুদ্ধে সরব হবে।
আমেরিকা সম্পর্কে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক যেভাবে ব্রিটেন কোণঠাসা হয়েছিল, সেই একই পরিস্থিতি হবে আমেরিকার।
অন্যদিকে ২০৪২ পর্যন্ত আফগানিস্থানে অন্ধকার যুগ শেষ হবে না বলে তিনি উল্লেখ করেছেন।

