নির্যাতিত-উদ্বাস্তু বাঙালি হিন্দু পরিবারদের চাষের জমি ও বাড়ি দেওয়ার ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

আমাদের ভারত, ১২ নভেম্বর: ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে সর্বস্ব হারিয়ে এদেশে চলে এসেছেন বহু হিন্দু বাঙালি। শুধু পশ্চিমবঙ্গ অসম নয়, উত্তরপ্রদেশেও এমন বহু বাঙালি হিন্দু পরিবার রয়েছে। এবার সেইসব পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সম্প্রতি উত্তরপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে কানপুরের দেহাত জেলার ১২১.৪১ একর জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ৬৩টি উদ্বাস্তু হিন্দু বাঙালি পরিবারের। প্রতিটি পরিবারকে চাষের জন্য দুই একর জমিও দেওয়া হবে। এছাড়াও বসবাসের জন্য ২০০ বর্গফুট জমি দেওয়া হবে। সেই জমি ৩০ বছরের জন্য এক টাকা লিজে ওই হিন্দু বাঙালি পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই জমির লিজ দুবার ৩০ বছর করে বর্ধিত করা যাবে।

এছাড়াও ওই জমিতে বাড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রী আবাস যোজনার আওতায় পরিবারগুলিকে‌ ১.২ লক্ষ টাকা করে দেবে সরকার। ১০০ দিনের কাজে ভূমি সংস্কার ও সেচের বন্দোবস্ত করা হবে ওই এলাকায়।

যোগী সরকার জানিয়েছে, ১৯৬০ সালের পুনর্বাসন আইনের আওতায় ওই উদ্বাস্তু বাঙালি হিন্দুদের আশ্রয় ও জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এর আগে মোট ৬৫টি পরিবারকে মিরাটের কারখানায় কাজ দেওয়া হয়েছিল। ১৯৮৪ সালে সেটা বন্ধ হয়ে যায়। এখন তার মধ্যে ৬৩টি পরিবার রয়েছে। ফলে ওই পরিবারগুলির পুর্নবাসনের ব্যবস্থা করল যোগী আদিত্যনাথের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *