আমাদের ভারত, ৮ এপ্রিল: মানব সভ্যতার অন্যতম প্রাচীন ভাষা সংস্কৃতকে এই সমাজ ব্যবস্থায় ধরে রাখতে ও এই ভাষার প্রচারের জন্য বড় উদ্যোগ নিল যোগী সরকার। উত্তরপ্রদেশে সংস্কৃত মাধ্যমে ১০টি সেকেন্ডারি স্কুল চালু করতে চলেছে সে রাজ্যের সরকার।
রাজ্যের দশটি জেলায় সংস্কৃত মাধ্যমে সেকেন্ডারি স্কুল তৈরি হবে। বারানসি, রায় বেরেলী, সাহারানপুর, মোজাফফরনগর, মোরাদাবাদ, সামলি, জলাউন, আমেঠী, ইটাহ, বাহরবো জেলায় স্কুলগুলি চালু হচ্ছে বলে জানাগেছে।
উত্তরপ্রদেশে আপাতত একটি সরকারি সংস্কৃত সেকেন্ডারি স্কুল এবং একটি সেকেন্ডারি কলেজ রয়েছে। তবে অন্যান্য সংস্থা রয়েছে যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্কৃত প্রতিষ্ঠান চালান। আগামী দিনে পাঁচ জেলায় সংস্কৃত কলেজ তৈরির পরিকল্পনাও নিয়েছে যোগী সরকার। রাজ্যের শিক্ষা দফতরের তরফে অযোধ্যা, গরোক্ষপুর, মথুরা, প্রয়াগরাজ, চিত্রকূটের জেলা শাসকদের সংস্কৃত ইন্টার মিডিয়েট স্কুল স্থাপনের জন্য তিন একর করে জমি নির্বাচনের নির্দেশ দিয়েছে। এই স্থানগুলি এমনিতেই আধ্যাত্মিক ও ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। ফলে সেখানে সংস্কৃত ভাষা চর্চা আরো গতি পাবে বলেই মনে করছে সরকার।
সংস্কৃত স্কুল তৈরির জন্য উত্তরপ্রদেশ সরকার ২০২৩-২৪ সালের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও চলতি বাজেটে সংস্কৃত পড়ুয়াদের স্কলারশিপের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

