নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: আগামী ২রা মার্চ মালদায় আসছেন যোগী আদিত্যনাথ। ভোট প্রচারের জন্যই সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদায় আসছেন তিনি। মালদার গাজোলে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিগত লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। মালদা থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন খগেন মুর্মু। তাই এবারের বিধানসভা নির্বাচনে মালদায় নজর রয়েছে বঙ্গ বিজেপি। মালদা জেলার হিন্দু ভোট নিজেদের অনুকূলে নিতে পারলেই কেল্লাফতে বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই গেরুয়া পোস্টার নয়, যোগী আদিত্যনাথকে মালদায় প্রচারের জন্য বেশি ভরসা করছেন বিজেপি নেতৃত্ব। যোগী আদিত্যনাথের আগমনে ইতিমধ্যেই মালদার বিভিন্ন জায়গায় পোস্টারিং ও দেওয়াল লিখন শুরু হয়েছে।

