জে মাহাত, আমাদের ভারত, ২১ জুন: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ট্যাঙ্গাশোলে সিআরপিএফ (ডেপুটি আই জি) অফিসে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যোগ অনুশীলন করেন।
সিআরপিএফের ডেপুটি আইজি পঙ্কজ কুমার জানান, জঙ্গলমহল এলাকাতে আজ প্রায় ছয় হাজার জওয়ান বিভিন্ন স্থানে যোগ অনুশীলন করেছেন।
এদিন বেলদাতে একটি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার সময় বিভিন্ন জায়গায় যোগাসন প্রদর্শনের মাধ্যমে তার উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন ও উৎসাহিত করা হয়। পরে সংস্থার নিজস্ব কার্যালয়ে এক যোগাসন শিবিরের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মী এবং যোগ গুরুরা।
যোগ দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে সুকান্ত কিশোর বাহিনীর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত হয় সুসজ্জিত শোভাযাত্রা ও যোগ প্রদর্শন। সমগ্র অনুষ্ঠান হয় যোগ শিক্ষক বিভাস গোস্বামীর পরিচলনায়।
বিশ্ব যোগা দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহর বিজেপির পশ্চিম মন্ডলের পক্ষ থেকে দিনটি পালন করা হয় বিজেপি নেতা শংকর গুছাইতের নেতৃত্বে।

পাশাপাশি ডেবরা ব্লকে এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বালিচক রেলওয়ে স্টেশনের শিব মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে একটি যোগা অনুষ্ঠান হয়। অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন সমরকর্মী, তাদের পরিবারবর্গ এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও অংশগ্রহণ করেছিল বালিচক রেলওয়ে স্টেশনের আরপিএফ স্টাফ।যোগা ইন্সট্রাক্টর হিসাবে এই সভায় যোগা পরিচালনা করেন যোগা গুরু শ্যামাপদ মাইতি এবং লক্ষীকান্ত নন্দ।

