অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জুন: করোনার বিপদে স্বর্গ ছেড়ে মর্তে নেমে এলেন যমরাজ। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অভিনব পদ্ধতিতে করোনা নিয়ে সচেতনতা প্রচারের আয়োজন করা হয়। ওই প্রচারে অংশগ্রহণ করেছিলেন ঝাড়গ্রামের লোক শিল্পীরা। যাদের মধ্যে কেউ সেজেছিলেন যমরাজ, যমদূত ও চিত্রগুপ্ত। তারা সকলকে মাস্ক ব্যবহার করার আবেদন জানান এবং করোনা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে রাজ্য সরকারের বিধিনিষেধগুলি মেনে চলার আবেদন জানান। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তারা করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করেন। যা দেখতে উৎসাহী মানুষরাও রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়ে। তারা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন করোনা হলে কি কষ্ট হয় মানুষের তা সকলেরই জানা। তাই করোনাকে দূর করার জন্য সকলকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়।

সেই সঙ্গে তারা বলেন, জ্বর, সর্দি, কাশি হলে হাসপাতালে যাবেন, চিকিৎসা করাবেন। করোনা নিয়ে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না সচেতন হবেন। করোনার সংক্রমণ রুখতে গত বছর লকডাউনের সময় সাধারণ মানুষের মনোবল বাড়াতে গানের মাধ্যমে সচেতনতা প্রচার করেছিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এবার শিল্পীদের নিয়ে এই অভিনব পদ্ধতিতে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচারকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।

