হাবড়ায় দেওয়াল লিখন, “উড়ছে আবির দেখবি আয়, বাংলা তার নিজের মেয়েকেই চায়”

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি :
“উড়ছে আবির দেখবি আয়, বাংলা তার নিজের মেয়েকেই চায়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ছড়া কেটে শুরু হল উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্র এলাকায় তৃণমূল কর্মীদের দেওয়াল লিখন। গতকাল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ পেতেই আজ হাবড়া শহরে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কর্মীরা। কেন্দ্রে প্রার্থী ঘোষণা না হলেও ভোট প্রচারে এগিয়ে থাকার জন্য বিভিন্ন ছড়া কেটে দেওয়াল লিখন করতে দেখা গেল তৃণমূল কর্মীদের।

হাতে আর বেশি সময় নেই প্রার্থী তালিকা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই দেরি না করেই তৃণমূল কর্মী সমর্থকরা মাঠে নেমে পড়ল। মাসখানেক আগে থেকেই দেওয়ালে চুনকাম পড়তে শুরু করেছিল। এবার দেওয়াল লেখায় নিজেদের কাজকে এগিয়ে রাখতে উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মী সমর্থকদের প্রচণ্ড রোদেও দেখা গেল দেওয়ালে ছবি আঁকতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ছড়া কেটে দেওয়াল লিখন করতে।

প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি তাই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে চলছে দেওয়াল লিখন। কোথাও লেখা হয়েছে খেলা হবে স্লোগান, আবার কোথাও বাংলা নিজের মেয়েকেই চায়।

দেওয়ালে কোথাও লেখা ‘উড়ছে আবির দেখবি আয় ,বাংলা নিজের মেয়েকেই চায়’। আবার দেখা গিয়েছে দুয়ারে সরকার প্রকল্পের উল্লেখ। সব মিলিয়ে হাবড়া বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। তৃণমূল কর্মীদের দাবি, এবারের বিধানসভা ভোটে হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী এক লক্ষ ভোটে জিতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *