রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোণায়

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার জাড়া গ্রাম পঞ্চায়েতের তাতালপুর গ্রামে। মৃতের নাম সনাতন সাঁতরা বয়স প্রায় ৬০ বছর। বাড়ি চন্দ্রকোনার তাঁতালপুরে গ্রামের কোটালপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সনাতন সাঁতরা তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাজারে প্রতিদিনের মতো একটি হরিচালার পাশে রাতের বেলা ঘুমিয়ে থাকতে দেখে এলাকার মানুষজন। কিন্তু সাতসকালে পথচলতি সাধারণ মানুষ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে মৃত ব্যক্তি সনাতন সাঁতরার বাড়িতে খবর দেয়। শরীর থেকে তখনও বেরিয়ে যাচ্ছিল তাজা রক্ত।

খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃতের পরিবারের দাবি, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

পরিবারের দাবি, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃতদেহের পাশ থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *