আমাদের ভারত, ১ মে:করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দিশেহারা পরিস্থিতি দেশে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ্যের গণ্ডি পেরিয়েছে। এদিকে মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজার পেরিয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি বলেছে এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে আরও ভয়াবহ পরিস্থিতি দেখবে দেশ। ওই উপদেষ্টা কমিটির মতে আগামী সপ্তাহে দেশ করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখতে চলেছে।
দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখতে এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। সেই কমিটি জানিয়েছে মে মাসের ৩-৫ তারিখের মধ্যে দেশে করোনা পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ হবে। যদিও কয়েকদিন আগেই উপদেষ্টা কমিটি জানিয়েছিল, আগামী ৫-১০ মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে দেশ। কিন্তু কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বিজ্ঞানীরা জানাচ্ছেন করোনা তাদের প্রত্যাশা তুলনায় অনেক দ্রুত ছড়িয়েছে।
উপদেষ্টা কমিটির প্রধান এম বিদ্যাসাগর জানিয়েছেন, আমাদের বিশ্বাস আগামী সপ্তাহে দেশজুড়ে সর্বোচ্চ হবে করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির খবর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বিশেষজ্ঞরা মনে করছেন করোনার দ্বিতীয় ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। শীঘ্রই তা কমবে। সরকারকে দেওয়া এম বিদ্যাসাগরের রিপোর্টে বলা হয়েছে, জুলাই আগস্ট পর্যন্ত পরিকল্পনা করে করোনার স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা অর্থহীন। কারণ এতদিন পর্যন্ত হয়তো এই ঢেউ থাকবে না। সরকারকে কমিটির পরামর্শ, আগামী ৪-৬ সপ্তাহ করোনার বিরুদ্ধে ব্যাপক লড়াই চালাতে হবে। দীর্ঘকালীন পরিকল্পনা করে সময় নষ্ট করার দরকার নেই। এখনকার সমস্যা এখনই মেটাতে হবে।
কমিটি মনে করছে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রথম ঢেউয়ে যেটা সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল তার চেয়েও তিনগুণ খারাপ। আসল সংখ্যাটা হয়ত হিসেবের ৫০গুন।

