সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জুন: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কমিউনিটি বিভাগের উদ্যোগে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের অভিভাবক সহ বহু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেডিকেল কলেজের সুপার ডাঃ তরুণ পাঠক, স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক অনিন্দ্য দাস, শিশু বিভাগের প্রধান অভয় পাল, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ শ্যামল কুন্ডু, কমিউনিটি মেডিসিনের প্রধান চিকিৎসক আদিত্য নারায়ণ সরকার, সারদা মণি মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপ্যাল সিদ্ধার্ত গুপ্ত ও বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তনুশ্রী রায়। সকলেই তাদের বক্তব্যে থ্যালাসিমিয়া রোগ মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক জানান, এই মুহূর্তে ৫৪৬ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নিয়মিত বাঁকুড়া মেডিক্যাল কলেজে আসেন রক্ত নেওয়ার জন্য। তিনি বলেন, যে শুধু দিবস পালন করলেই হবে না সাথে সাথে সরকারের তরফে সচেতনতা মূলক প্রচার করতে হবে।সরকারের পক্ষ থেকে কোনো রকম সচেতনতা বৃদ্ধি চোখে পড়ে না। ব্লাড ব্যাঙ্কের এমওওয়াইসি ডাঃ সুদর্শন সরেন থ্যলাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার বিষয়টি সুন্দর ভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা আবৃত্তি, নাচ, অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

