বিশ্ব রেডক্রস দিবস উদযাপন হল পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ মে: দুঃস্থদের শাড়ি, ধুতি, মশারি প্রভৃতি উপহার তুলে দিয়ে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন হল পুরুলিয়ায়। আজ পুরুলিয়া পুরসভা সংলগ্ন নিজস্ব শাখা কার্যালয়ে এইভাবেই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করল রেড ক্রস সোসাইটি।

পুরুলিয়া জেলা সম্পাদক হীরক কুমার সাও জানান, “প্রতি বছর দুঃস্থ অসহায় শারীরিক প্রতিবন্ধীদের বিভিন্ন ভাবে পাশে দাঁড়ায় রেড ক্রস সোসাইটি। আজও মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন হয়। কিছু মানুষকে বস্ত্র, মশারি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।”

১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। ডুনান্টের ধারণার উপর ভিত্তি করে ১৮৬৪ সালে জেনেভা কনভেনশন তৈরি হয়। ১৯০১ সালে ফ্রেডেরিক পাসির সাথে মিলিত ভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১০ সালের ৩০ অক্টোবর ডুরান্টের মৃত্যু হয়।পৃথিবীর দেশে দেশে যুদ্ধ, দাঙ্গা, প্রাকৃতিক বিপর্যয়ে ক্লান্তিহীন ভাবে কাজ করে চলে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। রেড কমিটির সদস্য ও কর্মচারীদের নিষ্ঠা, অধ্যবসায় ও স্বার্থত্যাগ বহু মানুষকে জীবন দিয়েছে নতুন করে বাঁচতে শিখিয়েছে। পৃথিবীতে যে ভাবে যুদ্ধ, হানাহানি বেড়েছে, সেভাবেই গুরুত্ব বেড়েছে রেড ক্রসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *