সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ আগস্ট: পুরুলিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এ বছর বিশ্ব আদিবাসী দিবস পালিত হল পুরুলিয়ার পুঞ্চার কৃষক বাজারে। সোমবার অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণির কৃতি মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে পড়ুয়াদের সবুজ সাথী সাইকেল সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়। আগামী দুই দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্ত্রী সন্ধ্যারানি টুডু বললেন, তৃণমূল সরকার বিগত দিনে আদিবাসিদের জন্য বহু উন্নয়ন করেছে। আদিবাসীদের সন্মানও দিয়েছে।
এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরুলিয়া জেলার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, পুরুলিয়ার বান্দোয়ান ও বাগমুন্ডির বিধায়ক রাজীব লোচন সরেন ও সুশান্ত মাহাতো, জেলার অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুপ্রিয় দাস, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো, পুঞ্চার বিডিও অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশিষ্টরা।


