গুজরাটে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি করতে চলেছে আম্বানির সংস্থা

আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি হবে গুজরাটে। আর এই চিড়িয়াখানা তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভারতের ধনীতম পরিবার মুকেশ আম্বানিদের অন্যতম স্বপ্নের প্রজেক্ট এটি। রিলায়েন্স সংস্থার এক কর্তা পরিমল নাথওয়ানি জানিয়েছেন ২০২৩ সালের মধ্যেই চিড়িয়াখানা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে তাদের সংস্থা।

গত ডিসেম্বরে সংস্থার এক ক্রেতার মাধ্যমে জানা গিয়েছিল জামনগরের কাছে ২৮০ একর জমির ওপর চিড়িয়াখানা তৈরি হবে। গুজরাটে আম্বানিদের যেখানে তেলের কারখানা আছে তার পাশেই এই চিড়িয়াখানা তৈরি হবে।ভারত সহ বিশ্বের নানা প্রান্তে শতাধিক পশু-পাখিও সরীসৃপ প্রজাতির দেখা মিলবে এখানে। আফ্রিকার সিংহ, চিতাবাঘ, জাগুয়ার,এশিয়ার সিংহ, ওরাংওটাং, বনবিড়াল, রয়েল বেঙ্গল টাইগার, গরিলা,জেব্রা, জিরাফ, আফ্রিকার হাতি, কমোডো ড্রাগন সহ অনেক রকমের জীবজন্তু পাখি ও সরীসৃপ থাকবে। এর মধ্যে প্রধান আকর্ষণ হতে চলেছে কোমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ান এই ভয়ঙ্কর সরীসৃপকে ঘিরে কৌতূহলের শেষ নেই। ফলে এই প্রাণীটিকে চিড়িয়াখানায় রাখলে তা পর্যটকদের প্রবল আকর্ষণ করবে।

এই চিড়িয়াখানা মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির পছন্দের প্রজেক্ট। সরকারকে সহায়তা করতে ওই চিড়িয়াখানায় একটি প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ও থাকবে। এই চিড়িয়াখানার নাম দেওয়া হবে গ্রিন্স জিওলজিক্যাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম। বিস্তৃত এলাকা জুড়ে থাকায় চিড়িয়াখানায় ফার্ম হাউস, ড্রাগন দ্বীপ,ফরেস্ট অফ ইন্ডিয়া নামে আলাদা আলাদা ক্ষেত্র থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *