রবিবার থেকে বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব ১১টি মঞ্চে

আমাদের ভারত, কলকাতা, ২৪ ডিসেম্বর: অন্যান্য বছরের মতো এবছরও তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় ‘বাংলা সঙ্গীত মেলা-২০১২’ এবং ‘বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব- ২০২২ কলকাতার ১১টি মঞ্চে ২৫ ডিসেম্বর ২০২২ থেকে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আয়োজিত হবে।

মঞ্চগুলি হল- রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, ৪ নং নেতাজীনগর কলোনি খেলার মাঠ, ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ, আনন্দপুর যুব সংঘ খেলার মাঠ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চ।

প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের সঙ্গীতমেলায় কলকাতার ১১টি মঞ্চে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন। এই সঙ্গীত মেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন।

পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সকল জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন। দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যান্ডগুলিও অনুষ্ঠান পরিবেশন করবে।

গগনেন্দ্র প্রদর্শশালায় ২৫ ডিসেম্বর ২০২২ থেকে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি: রামকুমার চট্টোপাধ্যায়, ভি বালসারা, সুপ্রীতি ঘোষ ও শ্যামল গুপ্ত শীর্ষক একটি প্রদর্শনী। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।

বাংলা সঙ্গীতমেলা উপলক্ষ্যে রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে নানান স্বাদের খাবারের স্টল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *