আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ৯ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সালানপুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় সালানপুর ব্লকের রূপনারায়াণপুর নান্দনিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার বিশ্ব আদিবাসী দিবস। এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ফিতে কেটে এবং প্রদ্বীপ
প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক এস. অরুণ প্রসাদ, আসানসোলের মহানগরিক তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সদস্য কৈলাসপতি মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।

এই দিনের অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বিশেষ সন্মান দেওয়া হয় ও আদিবাসী সমাজের মোড়োলদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়া অনুষ্ঠানে আদিবাসী সমাজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ এবং ল্যাপটপ দেওয়া হয়।তাছাড়া দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ এবং একটি করে ট্যাব দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হয়। তাছাড়া আদিবাসী সমাজকে রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে সচেতন করতে অনুষ্ঠান প্রাঙ্গণে বেশ কয়েকটি স্টল লাগানো হয়।
এই প্রসঙ্গে জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদিবাসী সমাজের জন্য দুয়ারে সরকারের মধ্য বিশেষ সুবিধা করা হয়েছে। যাতে আদিবাসীরা সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পেতে পারে। তাছাড়া জয় জোহার পেনশন সহ বিভিন্ন সুবিধা তাদের দেওয়া হয়ে থাকে।

এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, দেশকে স্বাধীন করতে আদিবাসী সমাজের অনেক অবদান রয়েছে। তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গুলি প্রকল্প করেছেন এবং সর্বদা তাদের পাশে রয়েছেন। এমন সুন্দর ভাবে একটা অনুষ্ঠান করা যায় তা দেখে আমি খুব খুশি। উ.এন.ও দ্বারা ১৯৯৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর ৯ই আগস্ট দিনটি আদিবাসী দিবস হিসেবে পালন করা হবে। আদিবাসী সমাজের কাছে আজকের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তাই এই দিনটি তারা প্রতি বছর পালন করে থাকে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুরের বিডিও রাজেশ কুমার, সমাজসেবী ভোলা সিং সহ গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সমিতির সদস্যরা।

