আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই:
পশ্চিমবঙ্গ অগ্নি ও জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের ব্যবস্থাপনায় ও মেদিনীপুর দমকল বিভাগের উদ্যোগে এক দিনের কর্মশালা হল শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। কর্মশালার সূচনা করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া ও মেদিনীপুর দমকল বিভাগের সহ আধিকারিক মাধবচন্দ্র মাজি। সহযোগী হিসেবে ছিলেন কবীর আলি মল্লিক, দীপঙ্কর রায়, মনোজ বক্সী, দীপশেখর ব্যানার্জি ও জগন্নাথ পাত্র।
মাধববাবু অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। সাধারণভাবে আগুন নেভানোর নানা উপায় ও পদ্ধতি হাতেকলমে দেখানো হয়। প্রধান শিক্ষক, সহশিক্ষক, সহশিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরাও হাতে কলমে আগুন নিভিয়ে দেখান। সবচেয়ে আকর্ষণীয় ছিল রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর উপায়। কঠিন পরিস্থিতিকে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করার পাঠ দেন দপ্তরের আধিকারিকরা। সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ প্রায় আটশো ছাত্র ছাত্রী আজকের কর্মশালায় উপস্থিত ছিল। সবশেষে প্রধান শিক্ষক অগ্নি নির্বাপণ সংস্থার আধিকারিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

