আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২০ সেপ্টেম্বর: কাজে স্থায়ীকরনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রামপুরহাট বাস ডিপোতে অবস্থান বিক্ষোভে বসলেন চালক ও কন্ডাক্টররা। বন্ধ করে দেওয়া হয়েছে ডিপোর প্রধান গেট। ফলে বীরভূমের রামপুরহাট ডিপো থেকে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাস চলাচল কার্যত বন্ধ।

প্রসঙ্গত, ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাটে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাস ডিপো রয়েছে। সেই ডিপো থেকে কলকাতা, আসানসোল, বালুরঘাট, বাঁকুড়া সহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল করে। মঙ্গলবার সকাল থেকে কিছু অস্থায়ী কর্মী তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির পতাকা নিয়ে ডিপোতে আন্দোলন শুরু করে। ফলে বেশ কিছু বাস চলাচল বন্ধ হয়ে যায়। অস্থায়ী চালক কামাল শেখ বলেন, “সম কাজে সম বেতন দিয়ে আমাদের স্থায়ী করতে হবে। মাসে ২৬ দিনের বেতন দিতে হবে। আমরা নিয়মিত ডিপোতে এসে হাজিরা খাতায় সাক্ষর করছি। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় আমরা কাজ পাচ্ছি না। ফলে বেতন দেওয়া হচ্ছে না। হাজিরা দিলেই আমাদের বেতন দিতে হবে। কারণ আমাদের ১০-১৫ দিন ডিউটি দেওয়া হয়। ফলে মাত্র ৫-৭ হাজার টাকায় সংসার চালানো যায় না”।

অস্থায়ী কন্ডাক্টর হোসেন বাদশা বলেন, “আমরা হাজিরা দিলেও সব দিন বেতন পাই না। তাছাড়া দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা আমাদের কোনো গুরুত্ব দেয় না। আমরা যে সংস্থার একজন কর্মী তার কোনো পরিচয় নেই। তাই স্থায়ীকরণের দাবিতে আমাদের আন্দোলন চলবে”।
রামপুরহাট ডিপো ইনচার্জ সুবীর দে বলেন, “উনাদের কিছু দাবি দাওয়া রয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে। তাদের কিছু সঙ্গত দাবি দাওয়া থাকলে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। তবে এভাবে গেট বন্ধ করে জরুরি পরিষেবা বন্ধ করা যায় না। আমরা আলোচনার রাস্তা খোলা রাখছি”।

