আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ এপ্রিল: পাটের অভাব দেখিয়ে গত ২৭ জানুয়ারি সাময়িক ভাবে মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনো খোলেনি মিল। সেই সঙ্গেই মিল শ্রমিকদের প্রাপ্য অর্থ রয়েছে বকেয়া। দু-মাসের অধিক সময় বন্ধ থাকা রিলায়েন্স জুটমিল খোলার দাবিতে এবং শ্রমিকদের প্রাপ্য বকেয়া গ্র্যাচুটি দেওয়ার দাবিতে সোমবার সকালে মিলের গেট আটকে দিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ শ্রমিকরা। শুধু তাই নয়, মিল কর্তৃপক্ষকে মিলের ভেতরে রেখে মিলের সমস্ত গেট বাঁশ দিয়ে আটকে আন্দোলন করেন শ্রমিকরা।
মিল শ্রমিকদের দাবি, মিল বন্ধের ফলে বিপাকে পড়েছেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক পরিবার। সেই সঙ্গে রমজান মাস শুরু হয়ে গেছে তাও তাদের বকেয়া টাকাও দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। এই বিক্ষোভ আন্দোলনের ফলে মিল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা থাকায় মিলের বাইরে র্যাফ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।
এদিন শ্রমিকরা অভিযোগ করেন, “কাঁচা মাল না থাকার অজুহাত দেখিয়ে মিল বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কাঁচা মাল আসতে তো এত দিন লাগে না। আজ দুই মাস ধরে মিল বন্ধ। আমরা অর্থের অভাবে অসুবিধায় আছি। রমজান মাস শুরু হয়ে গেছে তবুও মিল কর্তৃপক্ষ আমাদের বকেয়া টাকাও দিচ্ছে না। অনেক বার কর্তৃপক্ষকে সেই সমস্যা জানিয়ে লাভ
হয়নি তাই আমরা আজ বাধ্য হয়ে এই পদক্ষেপ নিচ্ছি।”
বিক্ষোভ সামাল দিতে এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর আন্দোলনকারীদের সাথে কথা বলে মিল খোলার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের বিক্ষোভ তুলে নেন।

