করোনা সংক্রমণ প্রতিরোধে গোটা শহর স্যানিটাইজ করল রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে:
ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। রাজ্য সরকারের নির্দেশে চলছে লকডাউন। এরই পাশাপাশি শহরে সংক্রমণ প্রতিরোধে এগিয়ে এল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। কোভিড-১৯ জীবানুনাশক ট্যাঙ্কের মাধ্যমে গোটা শহর স্যানিটাইজ করল রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। রায়গঞ্জ পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশ তথা সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। জেলা সদর রায়গঞ্জ শহরেও তীব্র আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ পুরসভা এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ জন, মৃত্যু হয়েছে ২ জনের। প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে রায়গঞ্জ শহরে। এমতাবস্থায় লকডাউনের মাঝেই গোটা শহর স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে কসবা মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রাজপথের দুধারে থাকা দোকানপাট বাজার ও জনবসতি এলাকা কোভিড-১৯ জীবানুনাশক স্প্রে করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জ পুর এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *