প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর,
৪ অক্টোবর: বোমা ফেটে এক শ্রমিকের গুরুতর আহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল সোদপুরে। সোদপুরের স্বদেশী মোড় সংলগ্ন এলআইসি অফিসের পেছনে থাকা গ্যাস গোডাউনের পাশে পরিত্যক্ত কারখানা ঘরের মধ্যে বোমা ফেটে গুরুতর আহত হয় প্রণব দাস নামে এক শ্রমিক।
এলআইসি অফিস বিল্ডিংয়ের পিছনে যে পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে লরি ও বিভিন্ন ধরনের বড় বড় গাড়ির কাজ হয়। তার পাশে রয়েছে একটি পাঁচ বছর ধরে বন্ধ হওয়া বোতলের কারখানা। সেই কারখানার ভিতরে পরিষ্কার করতে গিয়ে আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। প্রণব দাস নামে ওই শ্রমিক পরিত্যক্ত ওই কারখানার ঘরটি পরিষ্কার করতে গেলে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ওই অঞ্চল। অন্যান্য শ্রমিকরা সেখানে ছুটে যেতেই দেখেন তাদের সহকর্মী গুরুতর আহত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসছেন।

আহত শ্রমিক প্রণবের মুখেই শোনা যায় বোমা ফাটার কথা। এই বোম বিস্ফোরণের ঘটনায় তার দুটো হাত ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে। এই বোমা বিস্ফোরণে খবর পেয়েই ঘটনাস্থলে আসে খড়দা থানার বিরাট পুলিশ বাহিনী। সেই সঙ্গে আসে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন। খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন তদন্তে নেমে ওই কারখানাটির দরজা দড়ি দিয়ে বেঁধে দেয় পুলিশ।
ওই জায়গার মালিক সুভাষ সাহা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটা বন্ধ হয়ে রয়েছে। পিছন দিক থেকে সমাজবিরোধীরা ভিতরে ঢোকে এবং ওই পরিত্যক্ত কারখানার ভিতরে তারা বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে রাতের বেলায়। ওখানে পিছন দিক দিয়েই তারা প্রবেশ করে। যেহেতু কারখানাটা বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তাই পিছন দিকে লোকজন থাকে না তাই সেখানে আশ্রয় নেয় সমাজবিরোধীরা। সে কারণেই দরজা বানানোর কাজ করবার জন্য ঘরটা পরিস্কারের কাজ করছিল প্রণব দাস। আর সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।”

