দুর্গাপুরে সিলিন্ডার ফেটে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ২২ জুন: অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছে আরও একজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর মায়াজার এলাকায় একটি বেসরকারি কারখানায়।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম গোরা গোপ(৩৫)। ঘটনায় জানা গেছে, গোড়া গোপ নামে ওই শ্রমিক এইদিন বিকেলে অক্সিজেন গ্যাস রিফিলিং করছিল। আচমকা ওই সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ গোড়ারই এক সহকর্মী গুরুতর জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তার দাবিতে কারখানার ভেতরে মৃতদেহ রেখে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় শ্রমিকরা।

অভিযোগ, কারখানার শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। আগেও এক শ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছিল কারখানার ভেতর। কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি কারখানা কর্তৃপক্ষ। শুধু মাত্র কারখানার শ্রমিকদের নিরাপত্তা না থাকাতেই এই মর্মান্তিক মৃত্যু বলে অভিযোগ শ্রমিকদের। এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ। ছুটে আসেন তৃণমূল শ্রমিক নেতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে ও ঠিকাদারের সঙ্গে। তারপর আর্থিক ক্ষতিপূরণের প্যাকেজের প্রতিশ্রুতির পর বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *