আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: উত্তরখণ্ডে হিমবাহ ভেঙ্গে বন্যায় নিখোঁজ মালদার শ্রমিক। মালদা জেলার ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকার বাসিন্দা আনিস শেখ (৪০), গত নয় মাস ধরে উত্তরাখণ্ডের চামেলি জেলায় পাওয়ার প্রজেক্টের টাওয়ারে শ্রমিকের কাজ করছিলেন। নিখোঁজের ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তার স্ত্রী রেহেনা বিবি জানান, মাস তিনেক আগে তাঁর স্বামী আনিস শেখ বাড়িতে আসে। কিছুদিন থাকার পর আবার চলে যান কাজে। ঘটনার দিন সকালে স্বামীর সাথে তাঁর শেষ কথা হয়। এর পর লাগাতার ফোন করা সত্ত্বেও তাঁর সাথে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনার খবর টিভিতে দেখতে পেয়ে তার আরও দুই দেওর যারা হিমাচল প্রদেশে কাজ করতেন একরামুল শেখ ও সিকিম শেখ তাঁর খোঁজ করতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডে গিয়েছেন। কিন্তু এখনও তারা নিখোঁজ ব্যক্তির কোনও খোঁজ পাননি।
নিখোঁজ ব্যক্তির পরিবারে স্ত্রী ছাড়া রয়েছেন তাঁর দুই সন্তান। মেয়ে নাসরিন খাতুন ( ১৬) ও ছেলে নাসিব শেখ(১৫)। এই ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিগত কয়েক বছর আগে ওই এলাকায় কাজ করতে যাওয়া ভগবান পুর গ্রামের বাসিন্দা শেখ সাবিরুল জানান, ওই চামেলি এলাকাটি ভয়ঙ্কর এলাকায়। ছবি দেখলাম তাতে প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রাম থেকে একজনই গেছে ওই এলাকায় কাজ করতে।

এলাকার জেলা পরিষদের নির্বাচিত সদস্য তৃণমূলের অর্চনা মন্ডল বলেন, ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা রাজ্য সরকারের মারফত উত্তরাখণ্ড সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

