স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: চা বাগানের কুয়োয় পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাজিগছ এলাকায়।
জানাগেছে, রবিবার সকালে চা বাগানের কাঁচা পাতা তোলার সময় রবিন এক্কা(৩৫) নামে এক শ্রমিক হঠাৎ বাগানের কুয়োয় পড়ে যায়। শ্রমিকরাই তড়িঘড়ি তাঁকে কুয়ো থেকে তোলার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।


