ডব্লিউ বিসিএসে স্বাস্থ্য সাথী- সবুজ সাথী- গতিধারা নিয়ে প্রশ্ন, পরীক্ষা হলে তাজ্জব পরীক্ষার্থীরা

রাজেন রায়, কলকাতা, ২২ আগস্ট: কারেন্ট অ্যাফেয়ার্সে একাধিক প্রশ্ন আসতে পারে এমনটা জেনে প্রস্তুতি নিয়ে গেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু রাজ্য সরকারের সর্বোচ্চ বিচারের নিয়োগ পরীক্ষায় স্বাস্থ্য সাথী, সবুজ সাথী প্রকল্পের প্রশ্ন! প্রশ্নপত্র খুলেই তাজ্জব হয়ে যান অনেক পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। যদিও এইসব প্রশ্ন আসায় সহজ মনে হয়েছে অনেকের।

রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ছিল৷ ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে মোট চারটি সেটের প্রশ্নপত্র হয়৷ প্রশ্ন সব সেটে একই থাকলেও প্রশ্নের ক্রমিক নং আলাদা হয় প্রতিটি সেটে। ওয়ান ইন্ডিয়া বাংলার হাতে আসা WBCS প্রিলিম প্রশ্নপত্রের ‘D’ সেটের ৪৩, ৮৪, ৯৫, ১১৮, নং প্রশ্নে এমন সব বিষয় উঠে এসেছে। রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে চাকরির পরীক্ষার প্রশ্নপ্রত্রে জায়গা পেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী, গতিধারা, সবুজসাথীর মতো প্রকল্পগুলি। তাও আবার ঘুরিয়ে নয়, সোজাসুজি প্রচারের ঢঙেয় প্রশ্ন।

ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ২০২১ এর ডি সেটের ৪৩ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘পচিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/সরকার পোষিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ২০২১ এর ডি সেটের প্রশ্নপত্রটিতে ৮৪ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, গতিধারা প্রকল্পে একজন উপভোক্তা সর্বচ্চো কতটাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? এই সেটেরই ১১৮ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামে কত শতাংশ রাজ্য সরকার বহন করে?’

তবে বিতর্কের এখনেই শেষ নয়, ডি সেটের ৯৫ নং প্রশ্নে এমন একটি বিতর্ককে উস্কে দেওয়া হয়েছে যা সরকারি বিজেপিকে বিঁধতে পারে। ৯৫ নং প্রশ্নে স্পষ্ট ভাষায় জানতে চাওয়া হয়েছে, ‘কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন?’ যার চারটি অপশনাল উত্তর তালিকার প্রথমেয় (A দাগ) রয়েছে ভি ভি সাভারকরের নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এটি ইতিহাসের (ভারতের জাতীয় সংগ্রামের) স্বাভাবিক প্রশ্ন। আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন মুচলেকা অনেকেই দিয়েছেন সে সময়। সেই তালিকায় শুধু সাভারকর নয় আরও অনেক নামই থাকবে। সে সময়ে কী কারণে মুচলেকা দেন কেউ কেউ তার একাধিক আঙ্গিকও থাকতে পারে৷ কিন্তু এইভাবে এই প্রশ্নটিকে ডব্লিউবিসিএস-এর প্রশ্নে নিয়ে আসার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য যাই হোক, এমন প্রশ্ন আশা করেনি অনেক পরীক্ষার্থীই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *