TMC, Midnapur, বিধানসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূলের রক্তদান শিবির মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমাজসেবামূলক কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর শহরে রক্তদান শিবিরের আয়োজন করলো মহিলা তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে জেলা তৃণমূল কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার আয়োজিত এই শিবিরে দুপুর পর্যন্ত মোট ৩১ জন রক্তদাতা রক্তদান করেন। বিশেষ বিষয় হলো রক্তদানকারীরা প্রত্যেকেই ছিলেন মহিলা। গ্রীষ্মকালে সম্ভাব্য রক্ত সঙ্কটের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল নেত্রী মামনি মান্ডি জানান, গ্রীষ্মকালে প্রায়ই বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দেয়। সেই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহিলাদের রক্তদানে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক।

অন্যদিকে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল নেত্রী মৌ রায় বলেন, রক্ত সঙ্কট দূর করতে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা তৃণমূল কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক সুজয় হাজরা, কাউন্সিলর মৌসুমী হাজরা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *