স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে চেঙ্গাইলে মহিলাদের রেল অবরোধ

আমাদের ভারত, হাওড়া, ৬ জুলাই: স্টাফ স্পেশালে মহিলা যাত্রীদের উঠতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তাল হয়ে উঠল দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন। এদিন সকালে ক্ষুব্ধ মহিলা যাত্রীরা রেললাইনে বসে রেল অবরোধ করে। তাদের সঙ্গে যোগ দেয় পুরুষ যাত্রী এবং স্থানীয় লোকজন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ একটি স্টাফ স্পেশাল চেঙ্গাইল স্টেশনে এসে থামে। সেই সময় স্টেশনে অপেক্ষারত মহিলা যাত্রীরা ট্রেনে উঠতে গেলে রেলের মহিলা সুরক্ষা বাহিনী তাদের বাধা দেয়। ঘটনায় মহিলা যাত্রীদের সঙ্গে রেল পুলিশের বচসা শুরু হয়। আর এরপরই ক্ষুব্ধ মহিলা যাত্রীরা রেললাইনে বসে রেল অবরোধ শুরু করে। স্টাফ স্পেশালে তাদের উঠতে দিতে হবে, আর তা না হলে লোকাল ট্রেন চালাতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে মহিলা যাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেয় পুরুষ যাত্রী এবং স্থানীয় লোকজন।

এদিকে রেল অবরোধের বিষয়টি জানতে পারার পর ঘটনাস্থলে পৌঁছায় রেল সুরক্ষা বাহিনী এবং উলুবেড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ আধিকারিকরা দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ পেটের তাগিদে কাজে বেরিয়ে নানাভাবে তাদের হয়রানি হতে হচ্ছে। তাদের অভিযোগ, স্টাফ স্পেশালে উঠতে গেলে রেল পুলিশ তাদের বাধা দেয় এমনকি মাঝে মধ্যে জোর করে বিভিন্ন ষ্টেশনে নামিয়ে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ স্টাফ স্পেশালে ওঠায় তাদের মোটা অঙ্কের জরিমানাও করা হয়। স্টাফ স্পেশালে যারা যাতায়াত করে তাদের জন্য যদি করোনা না ছড়ায় তাহলে শুধু কি তাদের জন্য করোনা ছড়াবে এই নিয়ে প্রশ্ন তোলেন মহিলা যাত্রীরা।

আরও পড়ুন  রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

অন্যদিকে রেল অবরোধ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিরজ কুমার সিং জানান, এদিন প্রায় ৩ ঘন্টা রেল অবরোধের ফলে বিভিন্ন ষ্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *