আমাদের ভারত, হাওড়া, ১২ আগস্ট: বাইনানে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা কুতুবউদ্দিন মল্লিককে গ্রেফতারের দাবি জানাল ভারতীয় জনতা মহিলা মোর্চা হাওড়া গ্রামীণ জেলা। বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে আইন অমান্য কর্মসূচিতে অংশ নিতে এসে এই দাবি করেন মহিলা মোর্চার হাওড়া গ্রামীণ জেলা সভানেত্রী মামণি মালিক।

বৃহস্পতিবার বিকেলে মহিলা মোর্চার সদস্যরা মিছিল করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে আসেন। পরে তারা মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধ্য হয়ে মহিলা মোর্চার সদস্যরা মহকুমা শাসকের দফতরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এদিনের এই আইন অমান্য কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ সহ অন্যান্যরা। এদিন মহিলা মোর্চার নেত্রী মামণি মালিক অভিযোগ করেন, বাইনানের গণধর্ষণের ঘটনায় পুলিশ অপরাধীদের আড়াল করতে চাইছে। এফআইআরে নাম থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
এদিনের এই আইন অমান্য কর্মসূচির শেষে পুলিশ মহিলা মোর্চার নেত্রী সহ ৩ বিজেপি নেতাকে গ্রেফতার করে। যদিও পরে ব্যক্তিগত বন্ডে প্রত্যেকেই জামিন পান।

