ময়নায় ভোট-পরবর্তী উত্তেজনা, আক্রান্ত মহিলা বিজেপি কর্মী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ এপ্রিল: ভোট শেষ হতে না হতেই আবার রাজনৈতিক আক্রমণে উত্তপ্ত হয়ে উঠল ময়না বিধানসভা এলাকা। ভাঙ্গচুর চালানো হল ঘরে, আক্রান্ত গৃহবধূ। আহত বিজেপি কর্মী ওই গৃহবধূ তমলুক জেলা হাসপাতালে ভর্তি। ময়না বিধানসভার অনন্তপুর দু’নম্বর অঞ্চলের ধনিচক গ্রামের ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত মহিলার।

পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত তমলুক ব্লকের অনন্তপুর ২ নম্বর অঞ্চলের গ্রামে আক্রান্ত হয় এক গৃহবধূ বিজেপি কর্মী। আহত হয়ে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী রাধারানী ধাড়া। রাধারানী দেবীর অভিযোগ, বাড়িতে গতকাল রাতে যখন কেউ ছিল না রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় তাদের বাড়ির উপর। মারধর করা হয় তাকে। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সকালবেলা পরিবারের লোকেরা এসে প্রথমে তাকে স্থানীয় অনন্তপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজেপির তমলুক নগর মন্ডলের মহিলা মোর্চার কর্মীরা তাকে তমলুক হাসপাতালে ভর্তির ব্যাপারে সাহায্য করে। আহত রাধারানী দেবী এখন তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *