আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ মার্চ:
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস ও বঙ্গ জননীর সভানেত্রী এবং হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধুরী সরকার দল থেকে পদত্যাগ করলেন। তিনি জানান, পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছেন। দলের কাজে বিরক্ত হয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন এখনো সিদ্ধান্ত নেননি। আগামীতে সিদ্ধান্ত নিলে জানিয়ে দেবেন। কিন্তু বাগদা বিধানসভা অঞ্চল জুড়ে জোর গুঞ্জন তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় তৃণমূল নেত্রী চায়না বিশ্বাস বলেন, মাধুরী সরকার তৃণমূল কংগ্রেসে থেকে বিজেপির গুনোগান করতেন এবং দলের ক্ষতি করছেন। মাধবী সরকার দল ছাড়ায় তৃণমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে না।
বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য অমৃত লাল বিশ্বাস বলেন, শুধু মাধুরী সরকার নয় আগামী মে মাসে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত দখল করবেন তারা, বেশ কিছু স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।

