আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই:
একসময়ের মাওবাদী অধ্যুষিত লালগড়, আদিবাসী সমাজের মহিলাদের আর্থ সামাজিক ভাবে স্বাবলম্বী করে নারীশক্তির স্বশক্তিকরণে পথ দেখাচ্ছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (NABARD)-এর আর্থিক সহযোগিতা নিয়ে লালগড়ের বাঁদরবনি গ্রামের কয়েকজন আদিবাসী সাঁওতাল মহিলা গঠন করেছেন বিদুচাঁদান মহিলা স্ব-সহায়ক দল।

তাদের নিজস্ব নার্সারিতে, বিভিন্ন প্রকারের কাষ্ঠজাতীয় এবং ফলের গাছের চারা তৈরী করছেন তারা। পরে সেই চারাগাছ সরকারের বিভিন্ন দপ্তরে সরবরাহ করে অর্থ উপার্জন করছেন। সংসারের হাল ফিরিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলেছেন আদিবাসী মহিলারা। হাল ফিরেছে তাদের পরিবারের। সাবলম্বী হওয়ায় পিছিয়ে পড়া এলাকার এইসব সাঁওতাল মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।

