সৌরচালিত বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি করে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে পুরুলিয়ার জবলা গ্রামের মহিলারা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২০ নভেম্বর: সৌরচালিত বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি করে রাজ্যবাসীকে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার অন্তগর্ত জবলা গ্রামের মহিলারা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট বর্তিকা মহিলা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সংস্থা তৈরি করে অত্যাধুনিক সৌরচালিত বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি করছেন প্রত্যন্ত এলাকার মহিলারা। এই কাজে তাঁদের সহযোগিতা করছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং আইআইটি খড়্গপুর।

সম্প্রতি জবলা গ্রামের ১৪ জন মহিলা রাজস্থানের আজমিরে গিয়ে এই সমস্ত সোলার সিস্টেমের উপর বৈদ্যুতিন সরঞ্জাম তৈরির তিন মাসের প্রশিক্ষণ নিয়েছেন। এখানে তাঁরা তৈরি করছেন সোলার লাইট, সোলার ফ্যান, টর্চ লাইট এবং সোলার সিস্টেম পরিচালিত ডোমেস্টিক পাম্প মেশিন। এছাড়াও চাহিদার কথা মাথায় রেখে সৌরচালিত এগ্রিকালচার পাম্প মেশিন তৈরির উপরেও জোর দিচ্ছেন মহিলারা। এই সমস্ত সৌরাচালিত সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট আয়ও বেড়েছে তাঁদের। সরকার যদি তাঁদের পাশে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তাঁরা আরও এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদী সংস্থার সদস্যা এবং প্রশিক্ষকরা।

পুরুলিয়া ডিস্ট্রিক্ট বার্তিকা মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির সম্পাদিকা কল্পনা মাহাতো, সদস্যা বন্দনা মাহাতো বলেন, “আমাদের তৈরি সৌরচালিত বৈদ্যুতিন সরঞ্জাম সরকারিভাবে বিপণনের ব্যবস্থা করা হোক।”

সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনিরুদ্ধ ঘোষ বলেন, “আমরা এই মহিলাদের মাধ্যমে আয়ের নির্ভরযোগ্য উৎস গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *