আমাদের ভারত, হাওড়া, ১৩ সেপ্টেম্বর: দিঘা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম অঞ্জলি ধর (৫৯)। বাড়ি কোলকাতার বোসপুকুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একটি প্রাইভেট গাড়িতে করে চালক সহ চারজন কলকাতার দিকে আসছিল। বিকেল পাঁচটা নাগাদ দেউলটির আষাড়িয়ার কাছে কোলাঘাট অভিমুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতাভিমুখি লাইনে এসে প্রাইভেট গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির ৪ আরোহী আহত হয়। আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও অঞ্জলি দেবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে এবং গাড়িটিকে আটক করেছে।

