সাথী দাস, পুরুলিয়া, ১১ এপ্রিল: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। মানবাজার- বান্দোয়ান রাজ্য সড়কের উপর পাথরমহড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা বাসিন্দারা। মানবাজার ১ ব্লকের বিডিও এবং মহকুমাশাসকের অফিসের কাছেই পথ অবরোধের ঘটনাটি ঘটে। অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন, আটকে পড়ে রেশনের পণ্য বোঝাই গাড়ি।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত ৪ মাস ধরে নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। যার কারণে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। বিডিও, এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই পথ অবরোধ করেন তাঁরা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিক। সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।
এলাকার মানুষদের অভিযোগ, পুরানো পাইপ লাইনে সমস্যার জেরে এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাইপ লাইন ঠিক না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকার মহিলারা।

