হাঁসখালি ধর্ষণকাণ্ডে শাসক দল এবং প্রশাসনের তীব্র সমালোচনা করল মহিলা বিজেপি প্রতিনিধিদল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ এপ্রিল: ‘স্থানীয় পঞ্চায়েত প্রধান গুণধর ছেলের জন্য একটি কিশোরীকে ধর্ষণ করার পর রক্তক্ষরনে মারা গেল। তার পরেও যাতে কিশোরীর বাবা-মায়ের সঙ্গে কেউ কথা বলতে না পার তার মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন।’ হাঁসখালি ধর্ষণের ঘটনায় এভাবেই শাসক দলকে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিলেন বিজেপি মহিলা মুখপাত্র ডঃ অর্চনা মজুমদার।

হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য মহিলা প্রতিনিধিদল। যদিও প্রশাসনের তরফ থেকে কিশোরীর মা এবং বাবাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে তাদের রানাঘাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি জন্য পাঠানো হয়।ফলে, বিজেপির মহিলা প্রতিনিধি দল ওই কিশোরীর বাড়িতে এসে তার মা-বাবার সঙ্গে কথা বলতে না পারলেও পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন তারা।

বিজেপি মহিলা মুখপাত্র অর্চনা মজুমদার বলেন, আমরা এমন একটি রাজ্যে বাস করছি যে রাজ্যে ধর্ষিতা কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না প্রশাসন। আমরা আসবো জেনেই অজুহাত দেখিয়ে তার মা-বাবাকে নিয়ে যাওয়া হয়েছে। শুধু হাঁসখালি নয়, গোটা রাজ্য জুড়ে একই চিত্র বারবার উঠে আসছে। এখানে প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে।

কিশোরী খুনের ঘটনায় আজ ১২ ঘণ্টা হাঁসখালি বনধের ডাক দিয়েছিল বিজেপি। সকালে কিছু দোকান খোলা থাকলেও বেলার দিকে সব বন্ধ হয়ে যায়। বিজেপির ডাকা বনধে এলাকার মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। তারা দোষীর উপযুক্ত শাস্তি দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *