আমাদের ভারত, ১৩ জুন:
আজমেরের পৈশাচিক গণধর্ষণ কান্ডের উপর তৈরি “আজমের ৯২” সিনেমার রিলিজকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই দরগা কমিটির সচিব সরোবর চিস্তির এই সিনেমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি করতে গিয়ে মহিলাদের সম্পর্কে অভদ্র ও অশোভন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “মেয়েরা জিনিসই এমন যে…. ।” চিস্তির এই মন্তব্য বিতর্ককে তুঙ্গে তুলে দিয়েছে। মহিলাদের প্রতি এই অশোভন মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি।
চিস্তির ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বলছেন, পুরুষ পয়সা দিয়ে দুর্নীতিগ্রস্ত হবে না, মূল্যের বিনিময়ে দুর্নীতিগ্রস্ত হবে না। কিন্তু মেয়ে এমনই জিনিস যে বড় পুরুষ পিছলিয়ে যায়। ওই যে একজন ছিল, যে গাছের নিচে বসেছিল বিশ্বামিত্র, সেও বিপথে পরিচালিত হয়েছিল। এখন যত বাবারা জেলে রয়েছেন, তারা সকলেই মহিলা সংক্রান্ত মামলায় ফেঁসেছেন। এটা এমনই একটি সাবজেক্ট যে, সকল বড় বড় পুরুষ পিছিলে যায়।
স্থানীয় বিজেপি নেতা তথা ডেপুটি মেয়র নীরজ জৈন বলেছেন, চিস্তির মহিলাদের প্রতি এই জঘন্যও নোংরা মানসিকতা থেকেই বোঝা যায় তারা মহিলাদের শুধুমাত্র ভোগের বস্তুই মনে করে। এটা আসলে সরাসরি দেশের মহিলা শক্তিকে অপমান করা। তিনি আরও বলেন, “চিস্তির এই মন্তব্যে পর খাদিম সম্প্রদায়ের উপর কঠোর পদক্ষেপ করার দাবি জানাচ্ছি।”
বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল চিস্তির মন্তব্যের বিরোধিতা করে বলেন, “চিস্তি এই মন্তব্য করে প্রমাণ করে দিয়েছেন যে আজমের ৯২ নামে যে সিনেমা রিলিজ হতে চলেছে তা কতটা প্রাসঙ্গিক ও কতটা সত্য ঘটনা। তার এই মহিলা বিরোধী মন্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে, তারা মহিলাদের ভোগ্য পণ্য বলে মনে করেন। এটাই এদের আসল চেহারা।
একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রতি তার বার্তা, যারা আজমের শরিফে গিয়ে খাদিমদের সামনে নতমস্তক হন তাদেরও বোঝা উচিত। কমপক্ষে হিন্দু সমাজের উচিত এই আজমের শরিফের সঙ্গে দূরত্ব তৈরি করা।” তিনি বলেন, আশা করি রাজস্থান সরকারও এই ধরনের মহিলা বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। যে দেশে নারীদের মাতৃরূপে পুজো করা হয় সেখানে এই নারীদ্রোহীদের এই ধরনের মন্তব্য কখনোই সহ্য করা উচিত না। এদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।
১৪ই জুলাই দেশের সবথেকে বড় গণধর্ষণ কাণ্ডের ওপর তৈরি “আজমের ৯২” রিলিজ হবে। সিনেমার রিলিজের আগেই খাদিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এর বিরোধিতা শুরু করেন। একাধিক মুসলিম প্রতিষ্ঠান দ্বারা সিনেমা নিষিদ্ধ করার দাবি উঠেছে।
এই সিনেমায় পরিচালক পুষ্পেন্দ্র সিং। সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করেছেন, জারিনা ওহাব, মানব জোশি, রাজেশ শর্মা, শালিনী কাপুর, অলকা আমিন প্রমুখ। এই সিনেমাটিকে সত্য ঘটনার ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই সিনেমায় আজমেরে বহু বছর আগে ১০০-র বেশি মেয়েদের ব্ল্যাকমেইল করা হয় তারা গণধর্ষণের শিকার হয়। এই ঘটনার সঙ্গে আজমের শরিফের দুই খাদিম ফারুক চিস্তি ও নাফিস চিস্তির যুক্ত থাকার অভিযোগ উঠেছিল।

