Sukanta, BJP, Patashpur, পটাশপুরে মহিলাকে হাত- পা বেঁধে বিবস্ত্র করে মারধর, ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: এক মহিলাকে বিবস্ত্র করে হাত- পা বেঁধে মারার ঘটনা ঘটেছে পটাশপুরে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনাকে মধ্য যুগীয় বর্বরতা বলে অভিযোগ করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের “পাড়ায় সমাধান” প্রকল্পে রাস্তা অপরিকল্পিতভাবে তৈরীর প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। তাই তার প্রতিবেশীরা তার নাবালিকা মেয়ের সামনে তার হাত- পা বেঁধে তাকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ। এমনকি হাত- পা বাঁধা অবস্থায় মহিলাকে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরী কাজ শেষ করে অভিযুক্তরা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, এই ঘটনা ‘মধ্যযুগীয় বর্বরতা’র নিদর্শন। গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো লিখেছেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিন আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে।

অভিযোগের সুরে তিনি লিখেছেন, এই ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয়, তবে তা কেবল মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ই নয়, বরং রাজ্যে আইনের শাসনের উপরও গুরুতর প্রশ্নচিহ্ন তুলে দেয়। সুকান্ত মজুমদার, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *