অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ এপ্রিল: হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার।বুধবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে। মৃত মহিলার নাম রেখা মাহাত, বয়স প্রায় ৪৫ বছর। তার বাড়ি ঝাড়গ্রাম থানার সাপধরা অঞ্চলের ছোট চাঁদাবিলা গ্রামে।
জানা গেছে, এদিন সকালে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তার সামনে একটি দাঁতাল হাতি চলে আসে। সেই হাতিটি তাকে পা দিয়ে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রেখা মাহাতোর মৃত্যু হয়।
ওই এলাকায় একটি হাতি বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকেও জানিয়েছিলেন। কিন্তু ওই হাতিটিকে অন্যত্র তাড়ানোর কোনো ব্যবস্থা করা হয়নি বনদপ্তরে তরফ থেকে বলে অভিযোগ এলাকাবাসীর। রেখা মাহাতোর মৃত্যুর ঘটনার পর বন দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। সেখানে গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। তেমনি ফের হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।

