স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ইটাহার, ১১ জুন: বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির উপর পড়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের সাধারণ মানুষ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ইটাহার থানার কুরমানপুর গ্রাম এলাকায়।

কুরমানপুর গ্রামটি জাতীয় সড়ক সংলগ্ন। এই গ্রামের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অনেক নিচু দিয়ে গেছে। সব জায়গায় দুটো খুঁটির মাঝে তার ঝুলে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও বিদ্যুতের তার বাড়ির উপর পড়ে এক জনের মৃত্যু হয়েছিল। গতকাল গভীর রাতে ঝড় বৃষ্টির কারণে গ্রামের আরতি দাসের বাড়ির ভিতরে টিনের চাল এবং বেড়ার ওপর পড়ে বিদ্যুতের তার। তার ফলে তিনি মারা গেলেও প্রথমে কেউ জানতে পারেনি। সকালে বাড়ির গেট না খোলায় বাড়ির ভিতরে গিয়ে নজরে পরে আরতি দাস মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। শরীরের একাধিক জায়গা পুড়ে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী জাতীয় সরক অবরোধ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে অবরোধ তুলতে রাজি হয়নি। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলে।

