আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ ফেব্রুয়ারি: ফের একবার অর্জুন গড় ভাটপাড়ায় ভাঙন ধরলো। একবার ফের প্রার্থী পদ প্রত্যাহার না করেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভাটপাড়া পৌর সভার ২ জন বিজেপি প্রার্থী।
২৭ ফেব্রুয়ারি পুরো ভোটের আগেই ভাটপাড়ায় বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া পৌরসভার ৩২ ও ৬ নং এই দুটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা সিদ্ধান্ত নিলেন তারা ভোটে লড়বেন না। যদিও মনোনয়ন পত্র জমা ও তোলার তারিখ চলে যাওয়ায় তাদের নাম তারা প্রত্যাহার করতে পারছেন না কিন্তু এই দুই বিজেপি প্রার্থী ভোট লড়তে রাজি নন। সেই কারণে ভাটপাড়ার বিদায়ী পৌর প্রশাসক গোপাল রাউতের হাত ধরে এই দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থী পম্পা দে ও রীতা মণ্ডল বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে।
প্রসঙ্গত এর আগে অর্জুন সিংয়ের ভাইপো তথা বিজেপি প্রার্থী সৌরভ সিং বিজেপি প্রার্থী পদ প্রত্যাহার করে তৃণমূলে যোগ দেন। আর এই ভোটের মুখে ভাটপাড়ায় বিজেপির ভাঙন অব্যাহত। ভাটপাড়ার দুই
বিজেপি প্রার্থী তৃণমূলে যোগদান করে সাংবাদিকদের বলেন, “বিজেপির সংগঠন নেই তাই দল ছাড়লাম। ভোটে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে কিন্তু প্রচারের সময় কেউ আমাদের জন্য বের হচ্ছে না। ভাটপাড়ায় বিজেপির মধ্যে প্রবল গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। এই ভাবে চলা সম্ভব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে তাতে সামিল হাতে চাই এলাকাবাসীর উন্নয়ন করতে চাই। তাই তৃণমূলে যোগ দিলাম। আমাদের ওপর কোনো মানসিক চাপ দেওয়া হয়নি।”
অপর দিকে এদিন বিদায়ী পৌর প্রশাসক গোপাল রাউত বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের পক্ষে রয়েছে। আর বিজেপি প্রার্থীরা প্রচারে গেলে তাদের জিজ্ঞেস করা হচ্ছে বিজেপি কি কাজ করেছে, তখন তার উত্তর দিতে পারছেন না। তাই আমাদের সাথে যোগাযোগ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাই। তাই তাদেরকে নেওয়া হলো। যারা যোগদান করলো তারা তৃণমূলের হয়ে কাজ করবে।”
এদিন যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিক। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক সোমনাথ শ্যাম।

