আমাদের ভারত, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট দেশ বিভাজনের যন্ত্রণার স্মৃতিচারণ করতে বিভাজন বিভীষিকা দিবস পালন করেছে ভারতীয় জনতা পার্টি। এই দিবস পালন উপলক্ষে বেহালায় ডায়মন্ড হারবার রোডের পাশে ভারত মাতার পুজো করে দিনটি পালন করেন বিজেপি নেতা কর্মীরা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যেকার অংশ হিসেবে রেখে দেওয়ার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা মনে করিয়ে দেন সুকান্ত।
বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভারত মাতার পুজো করেন এদিন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, আজকের দিনে দেশ ভাগ হয়েছিল। আর এই দেশ ভাগের কারণে সবথেকে বেশি যন্ত্রণা ভোগ করেছে বাঙালি এবং পাঞ্জাবিরা। তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষও পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছিলেন। তাদের কি সাংঘাতিক কষ্ট সহ্য করতে হয়েছে তা আমি জানি। একদিনের মধ্যে জমি, বাড়ি, মন্দির সব অচেনা হয়ে গেছে। সব দখল হয়ে গেছে। অনেকে প্রাণে বাঁচতে পানা পুকুরে ডুবে থেকেছেন।” তাঁর আরও দাবি, “এই বেহালা ভারতবর্ষের মধ্যেই থাকতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীও হওয়া হতো না।” আজ দেশ ভাগের ইতিহাস বদলে ফেলার চেষ্টা চলছে শ্যামাপ্রসাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা সেটা হতে দেব না।
দেশ ভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভাজন বিভীষিকা দিবস পালন করেছে বিজেপি। নতুন প্রজন্মের কাছে দেশভাগের জেরে বাঙালি হিন্দুদের কিভাবে বঞ্চনার শিকার হতে হয়েছে, সেটা মনে করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির তরফে। তাই এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারত মাতার পূজা ও দেশভাগের যন্ত্রণা সহ্য করেছেন এমন প্রবীণদের কথা তুলে ধরার সিদ্ধান্ত নেন তাঁরা।

