অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৪ এপ্রিল: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের নাম না করে তাঁকে ব্যঙ্গ করে টুইট করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “গরিব মানুষের টাকা মারার দায়ে সাড়ে তিন বছরের জেল খাটা ভাঁড় যদি আদালত অবমাননার দায়ে আর দু’মাস জেলে যায় তবে কি আর এমন হাতিঘোড়া?
“যা রে মোটকা, এই জজসাহেবকে দুটো গালাগাল দিয়ে আয় তো। এবার আমার অভিষেকের পিছনে লেগেছে।”
“যো হুকুম, মহারাণী। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়?”
রাজনৈতিক মহলের ব্যাখ্যা টুইটের এই কথোপকথন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের।
প্রসঙ্গত, ঘটনাপ্রবাহের সূত্রপাত বৃহস্পতিবার কুণালের টুইটের ঠিক দেড় ঘণ্টা আগে। দুপুর দেড়টা নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল দুর্নীতিতে ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপরই টুইটে আক্রমণ করার পর সাংবাদিক বৈঠকেও বিচারপতির উদ্দেশে তোপ দাগেন কুণাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। কুণালের অভিযোগ, রাজনৈতিক নায়ক হওয়ার জন্য এক্তিয়ার-বহির্ভূত কাজ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুণালের আরও অভিযোগ, “বিরোধী দল কংগ্রেস, সিপিএম এবং বিজেপির মদতে ঠান্ডা মাথায় অভিষেকের চরিত্রহনন করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।”

